
জয়পুর, ১১ মার্চ (হি.স.): রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মার উদ্যোগে বিগত বছর থেকে চৈত্র শুক্ল প্রতিপদের দিন রাজস্থান দিবস পালনের সূচনা হয়েছে। সেই ধারাবাহিকতায় এ বছরও ১৯ মার্চ চৈত্র শুক্ল প্রতিপদ উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে রাজস্থান দিবস পালনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
বুধবার সরকারি সূত্রে জানা গেছে, ১৪ মার্চ থেকে শুরু হয়ে ১৯ মার্চ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচির সূচনা হবে সাত দিনের স্বচ্ছতা সপ্তাহের মাধ্যমে। এ সময় জয়পুরের রাজ্যস্তরের অনুষ্ঠান এবং অন্যান্য জেলায় জেলা স্তরের কর্মসূচি আয়োজন করা হবে।
১৫ মার্চ জয়পুরে ‘বিকশিত রাজস্থান দৌড়’-এর আয়োজন করা হবে, যার সূচনা করবেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। একই দিনে ‘রাজস্থান কো জানে’ নামে একটি ডিজিটাল কুইজের উদ্বোধন এবং ওডিওপি মেলা ও প্রদর্শনীর সূচনা হবে। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ে প্রবন্ধ, বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হবে।
১৬ মার্চ দুঙ্গারপুরের বেনেশ্বর ধামে ‘রাজস্থান জনজাতি গৌরব দিবস’ পালিত হবে। সেখানে উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস, জনজাতি শিল্প ও হস্তশিল্প প্রদর্শনী এবং মতবিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হবে। ১৭ মার্চ জয়পুরে ‘রাজস্থান যুব শক্তি দিবস’ উপলক্ষে রাজ্যস্তরের যুব সম্মেলনের আয়োজন করা হবে।
১৮ মার্চ কৃষক ও পশুপালকদের সঙ্গে মতবিনিময়, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের মাধ্যমে ‘কৃষক ও পশুপালক সমৃদ্ধি দিবস’ পালন করা হবে। সন্ধ্যায় রাজ্য জুড়ে সরকারি মন্দিরগুলিতে আরতির আয়োজন করা হবে।
রাজস্থান দিবসের মূল অনুষ্ঠান ১৯ মার্চ জালোরে অনুষ্ঠিত হবে। সেখানে উপভোক্তা সম্মেলনের পাশাপাশি উপভোক্তাদের সঙ্গে সরাসরি সংলাপ এবং বিভিন্ন সরকারি সুবিধা হস্তান্তরের কর্মসূচি থাকবে। একই দিন সন্ধ্যায় জয়পুরে রাজ্যস্তরের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য