
সংঘের শতবর্ষ কর্মসূচি, সামাজিক চ্যালেঞ্জ এবং সাংগঠনিক সম্প্রসারণ নিয়ে হবে আলোচনা : প্রচারপ্রমুখ আম্বেকর
সমলখা (পানিপথ), ১২ মাৰ্চ (হি.স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সর্ববৃহৎ সিদ্ধান্ত গ্রহণের মঞ্চ অখিল ভারতীয় প্রতিনিধি সভা আগামীকাল শুক্রবার (১৩ মার্চ) থেকে হরিয়ানার পানিপথের নিকটবর্তী সমলখার মাধব সৃষ্টি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। চলবে ১৫ মার্চ পর্যন্ত।
এ সম্পর্কে সংঘের অখিল ভারতীয় প্রচারপ্রমুখ সুনীল আম্বেকর জানান, তিনদিনব্যাপী অনুষ্ঠেয় প্রতিনিধি সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং সংঘের বিবিধক্ষেত্রের মোট ১,৪৮৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
সুনীল আম্বেকর জানান, আগামীকাল সকাল ৯-টা থেকে সরসংঘচালক ডা. মোহন ভাগবত এবং সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবলের উপস্থিতিতে প্রতিনিধি সভা শুরু হবে। সভায় সংঘের অখিল ভারতীয় অধিকারীবর্গ, ক্ষেত্র ও প্রান্ত সংঘচালক, কার্যবাহ, প্রচারক এবং সংঘের অন্তর্গত ৩২টি সংগঠনের শীর্ষ পদাধিকারীরা উপস্থিত থাকবেন।
তিনি জানান, বর্তমানে সারা দেশে সংঘের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি চলছে। এই বৈঠকে শতবর্ষ কর্মসূচিগুলোর পর্যালোচনা করে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। সংঘের শতবর্ষ উপলক্ষ্যে ‘ঘরে ঘরে অভিযান’-এর মাধ্যমে সারা দেশের ১০ কোটির বেশি পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অবশিষ্ট প্রদেশগুলিতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রচারপ্রমুখ।
প্রতিনিধি সভায় সন্ত শিরোমণি রবিদাসজির ৬৫০-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচি নিয়েও আলোচনা হবে। আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে এই কর্মসূচিগুলি সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে আয়োজন করা হবে।
১৫ মার্চ বৈঠকের শেষ দিন সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবলে সভায় গৃহীত সিদ্ধান্ত ও সংকল্পের বিস্তারিত বিবরণ প্রদান করবেন। এছাড়া প্রতিনিধি সভায় সমসাময়িক সামাজিক বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। দেশের বিভিন্ন অঞ্চলের কার্যকর্তারা তাঁদের নিজ নিজ এলাকার সামাজিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতা ভাগ করবেন। এই অভিজ্ঞতার ভিত্তিতে বর্তমান সামাজিক চ্যালেঞ্জ ও পরিস্থিতি নিয়েও আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রচারপ্রমুখ আম্বেকর।
সংঘের বিভিন্ন সংগঠনের জাতীয় পর্যায়ের শীর্ষ পদাধিকারীগণ বিশেষ আমন্ত্রিত হিসেবে সভায় অংশ নেবেন। এর মধ্যে বিশ্বহিন্দু পরিষদের অ্যাডভোকেট আলোক কুমার ও মিলিন্দ পরান্দে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ড. রঘুরাজ কিশোর ও আশিস চৌহান, রাষ্ট্র সেবিকা সমিতির শান্তাকাজি ও এ সীতা, ভারতীয় জনতা পার্টির সভাপতি নীতিন নবীন সহ ভারতীয় কিষাণ সংঘএবংও ভারতীয় মজদুর সংঘের জাতীয় প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
প্রতিনিধি সভায় সাংগঠনিক সম্প্রসারণ নিয়েও আলোচনা হবে। গত এক বছরে সারা দেশে ৫,৫০০টির বেশি নতুন ‘শাখা’ শুরু হয়েছে। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংঘে যোগদানের আগ্রহও ক্রমশ বাড়ছে। প্রতি বছর প্রায় ১.২৫ লক্ষ মানুষ ‘জয়েন আরএসএস’ উদ্যোগের মাধ্যমে যোগদানের ইচ্ছা প্রকাশ করছেন।
শতবর্ষ উপলক্ষ্যে সংঘের প্রশিক্ষণ কর্মসূচিও ব্যাপকভাবে আয়োজন করা হবে। এ বছর সারা দেশে মোট ৯৭টি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে বলে ইতিমধ্যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এদিকে অখিল ভারতীয় প্রতিনিধি সভায় অসম ক্ষেত্রের বিভিন্ন পদমর্যাদার মোট ১১ জন পদাধিকারী এবং উত্তর অসম প্রান্তের মোট ৪৫ জন পদাধিকারী অংশগ্রহণ করবেন।
সমলখার মাধব সৃষ্টি প্রাঙ্গণে প্রতিনিধিদের জন্য একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস