
নয়াদিল্লি, ১২ মার্চ, (হি.স.): বৃহস্পতিবার রাজ্যসভায় পশ্চিমবঙ্গে থাকা শত্রু সম্পত্তি নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা হয়। জানানো হয় যে সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গেই রয়েছে, যার সংখ্যা প্রায় ৪,৩৭৬টি। এর মধ্যে ৪,৩২০টি পাকিস্তানি নাগরিকদের এবং ৫৬টি চিনা নাগরিকদের সম্পত্তি। এদের অনেকগুলোই কলকাতার গুরুত্বপূর্ণ ও মূল্যবান এলাকায় অবস্থিত।
উদ্বেগের বিষয় হল, গত তিন বছরে পশ্চিমবঙ্গে একটি শত্রু সম্পত্তিও বিক্রি করা হয়নি। এই সময়ে সরকার মাত্র ৬৯.৭২ লক্ষ টাকা লিজ ভাড়া পেয়েছে। পাশাপাশি প্রায় ৫৩৬টি সম্পত্তি অবৈধ দখলে রয়েছে, অথচ এখন পর্যন্ত মাত্র ৪৯টি ক্ষেত্রে উচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়েছে।
সরকারের কাছে দাবি জানানো হয় যে দ্রুত সম্পূর্ণ ডিজিটাল জরিপ করা, অবৈধ দখলমুক্ত করা এবং স্বচ্ছ e-auction বা লিজের মাধ্যমে এই সম্পত্তিগুলির সঠিক ব্যবহার নিশ্চিত করা হোক। পাশাপাশি এগুলি সাশ্রয়ী আবাসন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও পরিকাঠামো উন্নয়নের মতো জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা যেতে পারে।
উল্লেখ্য, শত্রু সম্পত্তি দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ, তাই এর সঠিক সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত