
উত্তর ২৪ পরগনা, ১২ মার্চ (হি.স.): আগামী সোমবার থেকে নৈহাটির বড়মার মন্দিরে সর্বসাধারণের জন্য ভোগ বিতরণ বন্ধ হয়ে গেল। বৃহস্পতিবার অবধি যে গ্যাস ছিল তাই দিয়ে জনসাধারণকে ভোগ প্রসাদ দেওয়া গিয়েছে। কিন্তু শুক্রবার থেকে শুধু বড়মাকেই ভোগ দেওয়া হবে। কয়েকশো মানুষ বড়মার মন্দিরে ভোগ পান। কিন্তু আগামী সোমবার থেকে সেটি বন্ধ হয়ে গেল।
সাধারণত প্রতি সপ্তাহের সোম, বুধ ও শুক্রবার মন্দির প্রাঙ্গণে প্রায় ৭০০ জন ভক্তকে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। এ ছাড়াও, শনি ও মঙ্গলবার প্রায় ৩ হাজার ভক্তের মধ্যে নিঃশুল্ক ভোগ বিতরণ করা হয়। বিপুল এই আয়োজনের জন্য প্রচুর পরিমাণ রান্নার গ্যাসের প্রয়োজন হয়। কিন্তু বর্তমানে প্রয়োজনীয় গ্যাস সিলিন্ডার না মেলায় ভোগ রান্না ব্যাহত হচ্ছে। বড়মার মন্দিরে এই পরিষেবা বন্ধ হওয়ায় ভক্তদের একাংশের মধ্যে হতাশা তৈরি হয়েছে। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেই ফের পুরোনো নিয়ম মেনে ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ