ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি পূরণ, গঠিত হলো ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড
কলকাতা, ১২ মার্চ (হি.স.) : রাজ্যের ব্যবসায়ী সমাজের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে গঠিত হলো ''ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড'' । বৃহস্পতিবার রাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বোর্ড গঠন ও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত বছরের ডিসেম্
ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি পূরণ, গঠিত হলো ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড


কলকাতা, ১২ মার্চ (হি.স.) : রাজ্যের ব্যবসায়ী সমাজের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে গঠিত হলো 'ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড' । বৃহস্পতিবার রাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বোর্ড গঠন ও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত 'স্টেট ট্রেডার্স কনভেনশন' এবং 'বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ'-এ এই বোর্ড গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি পূরণ করল রাজ্য সরকার।

​সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ব্যবসায়ী সমাজের সঙ্গে সরকারের নিয়মিত সংলাপ ও সমন্বয়ের জন্য একটি প্রাতিষ্ঠানিক মঞ্চ তৈরি করতেই এই বোর্ড গঠন করা হয়েছে। রাজ্যের প্রতিটি জেলা থেকে এই বোর্ডে প্রতিনিধিত্ব থাকবে। এর ফলে বিভিন্ন জেলার ব্যবসায়ীদের সমস্যা ও দাবি সরাসরি সরকারের কাছে পৌঁছনোর সুযোগ তৈরি হবে।

​এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন 'কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স অ্যাসোসিয়েশন' -এর সভাপতি। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের প্রতিনিধি বোর্ডের নেতৃত্বে থাকায় ব্যবসায়ী সমাজের মতামত ও অভিজ্ঞতা সরাসরি নীতি নির্ধারণের আলোচনায় প্রতিফলিত হবে বলে মনে করা হচ্ছে।

​এদিকে, সরকারি মহলের দাবি, এই বোর্ডের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীর বিভিন্ন সমস্যা ও স্বার্থ রক্ষার বিষয়গুলি আরও দ্রুত ও কার্যকরভাবে বিবেচিত হবে। রাজ্যের ব্যবসায়ী সংগঠনগুলিও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

​রাজ্য সরকারের মতে, ব্যবসায়ীরাই বাংলার অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। তাই তাঁদের সঙ্গে সমন্বয় রেখেই রাজ্যের অর্থনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande