গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর, চালু হলো কন্ট্রোল রুম
কলকাতা, ১২ মার্চ (হি.স.): রাজ্যে রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে নবান্নে জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এই বৈঠকে নবান্নের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি জেলা প্রশাসনের আধিকারিকরাও ভার্চুয়াল মাধ্যমে
এল পি জি - মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে নবান্নে বৈঠক


কলকাতা, ১২ মার্চ (হি.স.): রাজ্যে রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে নবান্নে জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এই বৈঠকে নবান্নের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি জেলা প্রশাসনের আধিকারিকরাও ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন।

​রাজ্য সচিবালয় সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে এলপিজি সরবরাহে যাতে কোনওরকম বিঘ্ন না ঘটে, তা সুনিশ্চিত করতেই এই বৈঠক ডাকা হয়। বৈঠকে বর্তমান জ্বালানি পরিস্থিতির বিস্তারিত পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষ যাতে অত্যাবশ্যকীয় জ্বালানি পেতে সমস্যার মুখে না পড়েন, সেই লক্ষ্যে প্রশাসনকে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি জ্বালানি সংকট মোকাবিলায় একটি বিশেষ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর জারি করেছে রাজ্য সরকার।

​এদিনের বৈঠকে নবান্নে একটি ২৪ ঘণ্টার এলপিজি কন্ট্রোল রুম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্যাস সরবরাহ সংক্রান্ত যে কোনও সমস্যায় সাধারণ মানুষ ১০৭০ অথবা ০৩৩-২২১৪-৩৫২৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

​রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতাল, সাধারণ গৃহস্থালি, মিড-ডে-মিল প্রকল্পের স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সংশোধনাগার এবং সরকারি হস্টেলগুলিতে গ্যাস সরবরাহের বিষয়টি বিশেষ অগ্রাধিকার দিয়ে দেখা হবে। এর পাশাপাশি রেস্তোরাঁ, হকার এবং হোম ডেলিভারি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও যাতে জোগান স্বাভাবিক থাকে, তার নির্দেশ দেওয়া হয়েছে।

​জেলা প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, কোনও ধরনের হোর্ডিং বা অবৈধ মজুত, অতিরিক্ত দাম নেওয়া অথবা কালোবাজারি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। প্রয়োজনে অবৈধ মজুতদারদের কাছ থেকে গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করার কড়া বার্তা দিয়েছে রাজ্য। সরকারের তরফে জানানো হয়েছে, গ্যাস সরবরাহের মূল দায়িত্ব কেন্দ্রের হাতে থাকলেও রাজ্যবাসীর স্বার্থে ও সংকট মেটাতে সবরকম নজরদারি চালাবে নবান্ন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande