টিটিএএডিসি নির্বাচন ও ধর্মনগর উপনির্বাচন নিয়ে বিজেপি-এর কোর কমিটির বৈঠক
আগরতলা, ১২ মার্চ (হি.স.) : ত্রিপুরা ট্রাইব্যাল এরিয়াস অটনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ( টিটিএএডিসি) নির্বাচন এবং ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলায় বিজেপি-এর রাজ্য কার্যালয়ে দলের কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে
বিজেপি কোর কমিটির বৈঠক


আগরতলা, ১২ মার্চ (হি.স.) : ত্রিপুরা ট্রাইব্যাল এরিয়াস অটনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ( টিটিএএডিসি) নির্বাচন এবং ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলায় বিজেপি-এর রাজ্য কার্যালয়ে দলের কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

বৈঠকে আসন্ন টিটিএএডিসি নির্বাচনের রাজনৈতিক কৌশল এবং ধর্মনগর উপনির্বাচনের সম্ভাব্য প্রার্থী নিয়ে বিস্তারিত আলোচনা করেন দলের শীর্ষ নেতৃত্ব। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের মৃত্যুতে ধর্মনগর আসনটি শূন্য হওয়ায় সেখানে উপনির্বাচন অনিবার্য হয়ে পড়েছে।

এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি-এর রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, দলের রাজ্য পর্যবেক্ষক ডাঃ রাজদীপ রায়, মন্ত্রী রতন লাল নাথ ও প্রাণজিৎ সিংহ রায়, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা এবং দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা ও বিধায়ক ভগবান দাসসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জানান, আসন্ন টিটিএএডিসি নির্বাচনকে সামনে রেখে দলের কৌশল নিয়ে কোর কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। বৃহস্পতিবারই তিনি দিল্লি সফর শেষে রাজ্যে ফিরে এই বৈঠকে যোগ দেন।

জোটের সমীকরণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, তিপ্রা মথা এবং ইন্ডিজিনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি) বর্তমানে বিজেপি-এর জোটসঙ্গী। তবে টিটিএএডিসি নির্বাচনে বিজেপি এককভাবে লড়বে নাকি জোটসঙ্গীদের সঙ্গে লড়বে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেন, “আগেও বলেছি, আসন্ন টিটিএএডিসি নির্বাচনে আমরা ২৮টি আসনই জিতব।”

অন্যদিকে, তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মার সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে স্বপ্ন দেখার অধিকার সবারই রয়েছে। তিনি বলেন, “কিছু স্বপ্ন দেখা ভাল। গণতন্ত্রে যে কেউ স্বপ্ন দেখতে পারে।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande