
আগরতলা, ১২ মার্চ (হি.স.) : ত্রিপুরা বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে প্রবীণ জনজাতি নেতা তথা বিজেপি বিধায়ক রামপদ জামাতিয়া-এর নাম প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা-এর সরকারি বাসভবনে অনুষ্ঠিত প্রাক-বিধানসভা বৈঠকে বিজেপি বিধায়করা সর্বসম্মতভাবে তাঁর নাম প্রস্তাব করেন। সূত্রের খবর, আগামী ১৮ মার্চ রামপদ জমাতিয়া ত্রিপুরা বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে শপথ গ্রহণ করবেন।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর ধর্মনগরের বিধায়ক তথা তৎকালীন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন-এর মৃত্যুর পর থেকেই এই পদটি শূন্য ছিল। সেই প্রেক্ষিতেই নতুন অধ্যক্ষ নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়।
রাজনৈতিক মহলের মতে, কমিউনিস্ট নেতা সুধন্ব দেববর্মা-এর পর রামপদ জামাতিয়া হবেন ত্রিপুরা বিধানসভার ইতিহাসে উপজাতি সম্প্রদায়ের দ্বিতীয় স্পিকার। তিনি এর আগে জামাতিয়া হদা-এর নেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বৈঠকের পর মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, মুখ্য সচেতক কল্যাণী রায়-সহ বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-এর অন্যান্য বিধায়করা রামপদ জামাতিয়াকে শুভেচ্ছা জানান।
মুখ্যমন্ত্রী বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, নিষ্ঠা এবং নেতৃত্ব আগামী দিনে বিধানসভার কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবে।”
এদিকে, ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন শুক্রবার থেকে শুরু হচ্ছে। আগামী ১৬ মার্চ অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্যের বাজেট পেশ করবেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ