
পূর্ব বর্ধমান, ১২ মার্চ (হি.স.): শুক্রবার থেকে ভোগ রান্না বন্ধ থাকবে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। রান্নার গ্যাসের অভাবে ভোগ রান্নার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন। তাঁরা জানান, গ্যাস সরবরাহ নিয়ে উৎকণ্ঠায় আছেন তাঁরা। রান্নার ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা না থাকার কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে সর্বমঙ্গলা মন্দির ট্রাস্টি বোর্ড। বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে বৃহস্পতিবার।
উল্লেখ্য, শুধু বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির নয়, গ্যাসের সংকটের জেরে একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তমলুকের অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা মন্দিরেও। আগামী ২১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভক্তদের ভোগ খাওয়ানো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। বর্গভীমা মন্দিরে দেবীকে মাছের ঝোল–সহ বিভিন্ন পদ রান্না করে ভোগ নিবেদন করা হয়।
এদিকে, জ্বালানি সংকটের জেরে দিঘার জগন্নাথ মন্দিরে ভক্তদের জন্য তৈরি হওয়া ভোগের পরিমাণ এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। আগে যেখানে প্রতিদিন ৩ হাজার ভক্তকে ভোগ খাওয়ানো হত, বর্তমানে তা কমিয়ে ৭০০ জনের জন্য করা হয়েছে। মন্দির ট্রাস্টি বোর্ড জানিয়েছে, রান্নার গ্যাসের আকাল না মেটা পর্যন্ত এই কড়াকড়ি জারি থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ