
বসিরহাট, ১২ মার্চ (হি. স.):- এলপিজি গ্যাসের সংকটের জেরে এবার প্রভাব পড়ল স্কুলের মিড ডে মিলের রান্নায়। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সীমান্তবর্তী এলাকায় একাধিক স্কুলে গ্যাসের পরিবর্তে কাঠের জ্বালানিতে রান্না করতে বাধ্য হচ্ছেন মিড ডে মিল কর্মীরা। এতে চরম সমস্যার মুখে পড়েছেন কর্মীরা।বসিরহাটের সাইপালা প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক হাজারের বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে। সেখানে শিশুশ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য প্রতিদিন মিড ডে মিল রান্না করা হয়। বৃহস্পতিবার পর্যাপ্ত এলপিজি গ্যাস সরবরাহ না থাকায় বর্তমানে কাঠের জ্বালানিতে রান্না করতে হচ্ছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।স্কুলের প্রধান শিক্ষক নিলয় সরকার জানান, গ্যাসের সাপ্লাই ঠিকমতো না থাকায় বাধ্য হয়ে কাঠের জ্বালানিতে রান্না করা হচ্ছে। তবে কোনওভাবেই যাতে ছাত্রছাত্রীরা মিড ডে মিল থেকে বঞ্চিত না হয়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ।মিড ডে মিল কর্মী পাপড়ি দে বলেন, সাধারণত গ্যাসে রান্না হওয়ায় স্কুলে কাঠ মজুত থাকে না। কিন্তু বাচ্চাদের খাবার দিতে হবে বলেই বাধ্য হয়ে কাঠ জোগাড় করে রান্না করতে হচ্ছে। তবে কাঠের দামও বাড়ছে বলে জানান তিনি।স্থানীয়দের দাবি, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে মিড ডে মিল চালানো কঠিন হয়ে পড়বে। তাই দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়