
কলকাতা, ১২ মার্চ (হি. স.) : পশ্চিমবঙ্গের ২২তম রাজ্যপাল হিসেবে বৃহস্পতিবার শপথ গ্রহণ করলেন আর এন রবি। রাজভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন এবং বলেন, “যারা বাংলাকে ভালোবাসে, বাংলাও তাদের ভালোবাসে।”
শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী নতুন রাজ্যপালকে স্বাগত জানিয়ে প্রথাগতভাবে উত্তরীয় পরিয়ে দেন। সেই সময় আলাপচারিতার মাঝেই তিনি এই বিশেষ বার্তাটি দেন। মুখ্যমন্ত্রী বলেন, বাংলা এবং বাঙালি সমস্ত ভাষাভাষী মানুষের প্রতি শ্রদ্ধাশীল। এখানে সব ধর্মের ও ভাষার মানুষ শান্তিতে বসবাস করেন। তবে বাঙালির সবথেকে বড় বৈশিষ্ট্য হলো— যারা বাংলাকে ভালোবাসেন, বাঙালিও তাঁদের প্রতি ভালোবাসা উজাড় করে দেয়। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের জবাবে রাজ্যপাল আর এন রবি বলেন, পশ্চিমবঙ্গ ভারতের বৌদ্ধিক ও সাংস্কৃতিক রাজধানী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নতুন রাজ্যপালের প্রতি একটি সূক্ষ্ম রাজনৈতিক বার্তা। রাজ্য সচিবালয় (নবান্ন) এবং রাজভবনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তখনই সম্ভব, যখন রাজ্যের স্বার্থ বা রাজ্য সরকারের কাজকর্মে কোনও সংঘাত তৈরি হবে না।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস সরকারের কার্যকালে রাজভবন এবং রাজ্য সরকারের মধ্যে সংঘাতের ইতিহাস দীর্ঘ। জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন এই সংঘাত শুরু হয়েছিল। পরবর্তীকালে প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সময়েও সেই ধারা অব্যাহত ছিল।
প্রসঙ্গত, নতুন রাজ্যপাল আর এন রবি প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের স্থলাভিষিক্ত হলেন। গত ৫ মার্চ সন্ধ্যায় আনন্দ বোস আকস্মিকভাবে পদত্যাগ করার পর ওই দিনই রবির নাম ঘোষণা করা হয়। গত প্রায় দেড় দশকে আর এন রবি হলেন দ্বিতীয় কোনও প্রাক্তন ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) প্রধান যাঁকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করা হলো। এর আগে ২০১১ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে প্রাক্তন আইবি প্রধান তথা প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম কে নারায়ণন এই পদে নিযুক্ত হয়েছিলেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি