
দক্ষিণ ২৪ পরগনা, ১২ মার্চ (হি.স.): দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালিকে গুলি করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম পরিতোষ প্রামানিক। তবে এই ঘটনার মূল অভিযুক্ত এখনও পলাতক বলেই জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, আর্থিক বিবাদের জেরে এই গুলি চালানোর ঘটনা। পলাতক মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ এবং ঘটনার তদন্ত চলছে।
উল্লেখ্য, গঙ্গাসাগরে বুধবার দিনের আলোয় গুলি চালিয়ে বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালিকে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। যার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বুধবার সকাল ৮টা নাগাদ গঙ্গাসাগর কোস্টাল থানার অধীনে শ্রীধাম বাসস্ট্যান্ড ও গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। আহত বিজেপি নেতার নাম ত্রিলোকেশ ঢালি। একটি মোটরসাইকেলে করে দুই দুষ্কৃতী এসে হঠাৎই বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি চালানোর পরই হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে করে এলাকা থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ত্রিলোকেশ ঢালি। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। এই ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ