শুক্রবার ডিএ ইস্যুতে ধর্মঘটের ডাক, সতর্ক প্রশাসন
কলকাতা, ১২ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ফের ডিএ ইস্যুতে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। শুক্রবার সেই কর্মসূচি হওয়ার কথা। এই আবহে অবশ্য ওই দিন রাজ্য সরকারের সমস্ত দফতর স্বাভাবিক নিয়মেই খোলা থাকবে বলে জানিয়ে দিল প্রশাসন।
শুক্রবার ডিএ ইস্যুতে ধর্মঘটের ডাক, সতর্ক প্রশাসন


কলকাতা, ১২ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ফের ডিএ ইস্যুতে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। শুক্রবার সেই কর্মসূচি হওয়ার কথা। এই আবহে অবশ্য ওই দিন রাজ্য সরকারের সমস্ত দফতর স্বাভাবিক নিয়মেই খোলা থাকবে বলে জানিয়ে দিল প্রশাসন। এমনকি ধর্মঘটের দিন কোনও কর্মী নির্দিষ্ট কারণ ছাড়া অনুপস্থিত থাকলে তাঁর বেতন কাটা হবে বলেও সতর্ক করা হয়েছে। বকেয়া ডিএ–সহ একাধিক দাবিতে শুক্রবার রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারী পরিষদ, সংগ্রামী যৌথ মঞ্চ-সহ একাধিক সংগঠন। সেই ধর্মঘট সফল করতে জেলায় জেলায় সরকারি দফতরগুলিতে প্রচার করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। তবে ধর্মঘট ব্যর্থ করতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। রাজ্যের শাসকদল তৃণমূল সমর্থিত এই সংগঠনের দাবি, তারা ধর্মঘটের বিরোধী। সরকারি কর্মীরা যাতে দফতরে আসতে পারেন, স্কুল-কলেজ খোলা থাকে, তা নিশ্চিত করার চেষ্টা করা হবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ মার্চ) কোনও কর্মীকে ওই দিনের জন্য সাধারণ ছুটি বা অন্য কোনও ধরনের ছুটি দেওয়া হবে না। দিনের প্রথম ভাগ, শেষ ভাগ বা পুরো দিনের জন্যই ছুটি মঞ্জুর করা হবে না বলে জানানো হয়েছে। আচমকা হাসপাতালে ভর্তি হওয়া, নিকটাত্মীয়ের মৃত্যু, দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে অনুপস্থিত থাকা, আগে থেকে নেওয়া চাইল্ড কেয়ার লিভ, আর্নড লিভ বা চিকিৎসা সংক্রান্ত ছুটিতে থাকলে, তা এই নির্দেশিকার আওতায় থাকবে না। তার বাইরে ওই দিন কেউ ছুটি নিলে সংশ্লিষ্টকে শো-কজ করা হবে। জবাব সন্তোষজনক না হলে সে দিনের ছুটি গ্রাহ্য হবে না। দেওয়া হবে না ওই দিনের বেতন। অর্থাৎ ধর্মঘটের দিনেও সরকারি কর্মীদের কাজে যোগ দেওয়া বাধ্যতামূলক। এমনকি, ‘ডায়েস নন’ বা কর্মজীবন থেকে ওই দিন বাদ দেওয়া হবে। প্রয়োজনে শৃঙ্খলাজনিত পদক্ষেপও হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande