
ধর্মনগর (ত্রিপুরা), ১৩ মার্চ (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানাধীন ১ নম্বর ওয়ার্ড এলাকায় দীর্ঘদিনের পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতরভাবে আহত হয়েছেন দুইজন। বর্তমানে তাঁরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, একই পরিবারের সদস্য হরেন্দ্র মালাকারের পরিবারের সঙ্গে তাঁর ভাই হেমেন্দ্র মালাকারের পরিবারের মধ্যে গতকাল থেকেই সামান্য কথা কাটাকাটি শুরু হয়। সেই বিবাদ ক্রমশ বাড়তে বাড়তে শুক্রবার সকালে ভয়াবহ রূপ নেয়।
অভিযোগ, হরেন্দ্র মালাকার ধারালো অস্ত্র নিয়ে হেমেন্দ্র মালাকারের স্ত্রী সবিতা মালাকার (৩৭) এবং অপর ভাই জিতেন্দ্র মালাকারের পুত্র সানি মালাকার (১৭)-এর উপর হামলা চালান। হামলার ঘটনায় দু’জনই গুরুতরভাবে আহত হন।
আহতদের চিৎকারে পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁদের উদ্ধার করেন। পরে খবর দেওয়া হলে প্রেমতলা দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক বিমল দাস আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন।
এদিকে ঘটনার খবর পেয়ে কদমতলা থানার এসআই সঞ্জীব সরকার কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে আহতদের পরিবারের সদস্যদের বয়ান লিপিবদ্ধ করেন এবং বিষয়টি চুড়াইবাড়ি থানার পুলিশকে জানান। পরে চুড়াইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তবে অভিযুক্ত হরেন্দ্র মালাকার ও তাঁর পরিবারের সদস্যরা ঘটনার পর থেকেই পলাতক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ