(আপডেট) মোদীর সভার আগেই উত্তপ্ত বেলদা, বিজেপি সমর্থকদের বাসে হামলার অভিযোগ
কলকাতা, ১৪ মার্চ (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের আগে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা এলাকা। শনিবার সকালে বিজেপির জনসভায় যোগ দিতে যাওয়ার পথে সমর্থকদের একটি বাসে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। হামলায় বাসটির ক
(আপডেট) মোদীর সভার আগেই উত্তপ্ত বেলদা, বিজেপি সমর্থকদের বাসে হামলার অভিযোগ


কলকাতা, ১৪ মার্চ (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের আগে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা এলাকা। শনিবার সকালে বিজেপির জনসভায় যোগ দিতে যাওয়ার পথে সমর্থকদের একটি বাসে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। হামলায় বাসটির কাঁচ ভেঙে দেওয়া হয় এবং বাসের চালক ও খালাসি আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ বেলদা থানার পাতলি এলাকায় এই ঘটনাটি ঘটে। বাসটি আহার মুন্ডা এলাকা থেকে সমর্থকদের নিয়ে কলকাতার দিকে আসছিল। অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী বাসটি থামিয়ে চালকের কাছে গন্তব্য জানতে চায়। চালক ব্রিগেডের জনসভায় যাওয়ার কথা বলতেই মোটরসাইকেলে আসা একদল যুবক বাসটিকে ঘিরে ধরে লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। এলোপাথাড়ি মারধরে বাসের জানলার কাচ ভেঙে যায় এবং চালক ও তাঁর সহকারী হাতে চোট পান।

এই ঘটনার পরই দুষ্কৃতীরা এলাকা থেকে চম্পট দেয়। কিছু সময় দাঁড়িয়ে থাকার পর বাসটি পুনরায় ফিরে যায়। ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি নেতৃত্বের সরাসরি অভিযোগ, প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে বাধা সৃষ্টি করতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন নারায়ণগড় ব্লক তৃণমূল সভাপতি সুকুমার জানা। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে আমাদের দলের কোনও সম্পর্ক নেই। পুলিশকে বলব ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে। বিজেপি সস্তায় প্রচার পাওয়ার জন্যই আমাদের দিকে আঙুল তুলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত বেলদা থানায় কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে পুলিশ পুরো বিষয়টির ওপর কড়া নজর রাখছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande