
শিলিগুড়ি, ১৪ মার্চ (হি.স.): মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল রেল পুলিশ। শনিবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বিপুল পরিমাণ মাদক ( ব্রাউন সুগার)-সহ এক যুবতীকে গ্রেফতার করেছে জিআরপি। ধৃত যুবতীর নাম তসলিমা খাতুন (২৮)। তিনি অসমের মরিগাঁও জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।
রেল পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এনজেপি স্টেশনে জিআরপি এবং এসওজি টিম যৌথ অভিযান চালায়। সেই সময় ডাউন বিবেক এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালে তল্লাশি শুরু করেন আধিকারিকরা। ট্রেনের জেনারেল কোচ থেকে ওই যুবতীকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। পরে তাঁর তল্লাশি নিয়ে প্রায় ৪৮ গ্রাম মাদক ( ব্রাউন সুগার) উদ্ধার হয়।
রেলওয়ে পুলিশের অনুমান, বাজেয়াপ্ত হওয়া এই মাদকদ্রব্যের আন্তর্জাতিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, উদ্ধার হওয়া ড্রাগস অসম থেকে কেরালায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত যুবতীকে জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে জিআরপি।
হিন্দুস্থান সমাচার / সোনালি