
শিমলা, ১৪ মার্চ (হি.স.) : হিমাচল প্রদেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের ঘাটতির প্রভাব এবার বাজারেও স্পষ্ট হয়ে উঠছে। রাজধানী শিমলায় গ্যাসের অনিয়মিত সরবরাহের কারণে বিকল্প রান্নার ব্যবস্থার খোঁজে মানুষ ইন্ডাকশন চুল্লি ও অন্যান্য বৈদ্যুতিক কুকিং যন্ত্রপাতির দিকে ঝুঁকছেন। ফলে শহরের ইলেকট্রনিক্স-এর দোকানগুলোতে হঠাৎ করেই এইসব পণ্যের চাহিদা বেড়ে গেছে।
দোকানদারদের দাবি, গত কয়েক দিনে ইন্ডাকশন চুল্লির বিক্রি ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত বেড়েছে। অনেকেই বাড়িতে ব্যাকআপ হিসেবে এই যন্ত্রপাতি কিনছেন, যাতে গ্যাসের অভাবে রান্নায় সমস্যা না হয়।
শনিবার শিমলার এক দোকানদার জানান, গ্যাস সঙ্কটের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই গ্রাহকেরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইলেকট্রিক কুকিং ডিভাইস কিনতে শুরু করেছেন। ইন্ডাকশন চুল্লির পাশাপাশি স্টিলের বিশেষ বাসনের চাহিদাও বেড়েছে। অনেকেই একসঙ্গে চুল্লি ও বাসনপত্র কিনছেন।
অন্য এক দোকানদার জানান, আগে সপ্তাহে একটি বা দুটি ইন্ডাকশন চুল্লি বিক্রি হতো। কিন্তু বিগত দুই–তিন দিনে পরিস্থিতি বদলে গেছে। একদিনেই তাঁর দোকান থেকে আটটি ইন্ডাকশন চুল্লি বিক্রি হয়েছে এবং ক্রেতার চাহিদা ক্রমেই বাড়ছে।
দোকানদারদের মতে, গ্যাসের ঘাটতির প্রভাব শুধু বাড়িতেই নয়, হোটেল, ধাবা ও ছোট রেস্তোরাঁগুলিতেও পড়েছে। অনেক ব্যবসায়ী এখন ইন্ডাকশন ও ইনফ্রারেড চুল্লির মতো রান্নার বৈদ্যুতিক সরঞ্জামের দিকে ঝুঁকছেন।
এদিকে রাজ্য সরকার জানিয়েছে, বাণিজ্যিক সিলিন্ডারের সরবরাহ কিছুটা প্রভাবিত হলেও গৃহস্থালি রান্নার সিলিন্ডারের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সাধারণ মানুষের জন্য কোনও সঙ্কট নেই।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য