অস্বাভাবিক মশা-মাছির উপদ্রব, ডেঙ্গুর আতঙ্কে বুদবুদ; সাফাই অভিযানে পঞ্চায়েত সমিতি
দুর্গাপুর, ১৪ মার্চ (হি.স.) : পশ্চিম বর্ধমানের গলসী-১ নম্বর ব্লকের বুদবুদ বাজার এলাকায় অস্বাভাবিক হারে মশা-মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় ডেঙ্গুর আশঙ্কায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। দীর্ঘদিন ধরে নিকাশী পরিষ্কার ও জলাশয় সংস্কারের কাজ বন্ধ থাকায় বিভিন্
অস্বাভাবিক মশা-মাছির উপদ্রব, ডেঙ্গু সংক্রামকের আতঙ্ক   বুদবুদে সাফাই অভিযান পঞ্চায়েত সমিতির


দুর্গাপুর, ১৪ মার্চ (হি.স.) : পশ্চিম বর্ধমানের গলসী-১ নম্বর ব্লকের বুদবুদ বাজার এলাকায় অস্বাভাবিক হারে মশা-মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় ডেঙ্গুর আশঙ্কায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। দীর্ঘদিন ধরে নিকাশী পরিষ্কার ও জলাশয় সংস্কারের কাজ বন্ধ থাকায় বিভিন্ন জায়গায় আবর্জনার স্তূপ ও বদ্ধ জলের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নির্মল বাংলা মিশনের উদ্যোগে সাফাই অভিযান শুরু করেছে গলসী-১ নম্বর পঞ্চায়েত সমিতি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ থাকায় গ্রামীণ এলাকায় নিকাশী পরিষ্কার ও পুকুর-জলাশয় সংস্কারের কাজ কার্যত বন্ধ হয়ে পড়েছে। ফলে বাজার ও আশপাশের এলাকায় প্লাস্টিকসহ বিভিন্ন আবর্জনা জমে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। সন্ধ্যা নামলেই মশার উপদ্রব বাড়ছে, যা নিয়ে উদ্বেগে রয়েছেন বাসিন্দারা।

দু’দিন আগে অকাল বৃষ্টির ফলে অনেক জায়গায় বদ্ধ জল তৈরি হয়েছে। তার ওপর বাজার এলাকায় আগের বসানো বহু ডাস্টবিনও এখন নেই। ফলে যত্রতত্র আবর্জনা ফেলা হচ্ছে এবং রাস্তার ধারে ও নিকাশী নালায় প্লাস্টিক জমে জল নিষ্কাশন ব্যাহত হচ্ছে। বুদবুদের উপর দিয়ে যাওয়া সেচ ক্যানেলেও আগাছা ও আবর্জনা জমে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

এই পরিস্থিতিতে এলাকায় ডেঙ্গু সংক্রমণের আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন বাসিন্দারা। যদিও স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে মশার লার্ভা দমনে ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল (ভিবিডিসি) এবং ভেক্টর কন্ট্রোল টিম (ভিসিটি) গঠন করা রয়েছে। তবুও মশার উপদ্রব বাড়ায় প্রশ্ন উঠছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিয়মিত নজরদারি নিয়ে।

এদিকে পরিস্থিতির খবর ছড়িয়ে পড়তেই উদ্যোগী হয়েছে গলসী-১ নম্বর পঞ্চায়েত সমিতি। নির্মল বাংলা মিশনের অধীনে বুদবুদ বাজার এলাকায় সাফাই অভিযান শুরু করা হয়েছে। মানকর রোড সংলগ্ন নিকাশী নালা থেকে প্লাস্টিক ও জমে থাকা আবর্জনা সরানোর কাজ চলছে। পাশাপাশি বাজার ও আশপাশের এলাকায় ছড়িয়ে থাকা আবর্জনা সংগ্রহ করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে পাঠানো হচ্ছে। মশা-মাছি দমনে কিটনাশকও ছড়ানো হয়েছে।

গলসী-১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অনুপ চট্টোপাধ্যায় জানান, গ্রীষ্মকালে ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে আগাম উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত নিকাশী পরিষ্কার এবং মশার লার্ভা দমনে কিটনাশক ছড়ানোর কাজ চলবে বলেও তিনি আশ্বাস দেন।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande