
কলকাতা, ১৪ মার্চ (হি. স.): বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদিকে খুনের ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার হলেন আরও একজন। শনিবার ভোরে নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ফিলিপ সাংমা নামে ওই ব্যক্তিকে।
এই ঘটনায় আগেই ফয়সাল কিরম মাসুদ এবং আলমগীর হোসেনকে গ্রেফতার করে পুলিশের এসটিএফ। তাঁদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় যে তথ্য সামনে আসে, তার সূত্র ধরেই গ্রেফতার করা হয়েছে ফিলিপকে। সীমান্তেই কাজ করেন তিনি।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে এসটিএফ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরেই টাকার বিনিময়ে সীমান্ত পারাপার করানোর কাজ করেন।
হাদি ওসমানের খুনের পরে বাংলাদেশ পুলিশের চাপ বাড়তে থাকায় তিনি ওই সীমান্ত দিয়েই ভারতে পালিয়ে আসেন। পরে ফয়সাল ও আলমগীরের সঙ্গে যোগাযোগ রেখে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন। কিন্তু ফয়সালরা গ্রেফতার হওয়ায় চাপ বাড়ে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত