
কলকাতা, ১৪ মার্চ (হি.স.): মহান দার্শনিক ও সমাজবিজ্ঞানী কার্ল মার্ক্সের ১৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার রাজ্যজুড়ে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করল এসইউসিআই (কমিউনিস্ট)। দলের কেন্দ্রীয় কমিটির আহ্বানে এদিন রাজ্যের বিভিন্ন পার্টি অফিস ও আঞ্চলিক কেন্দ্রগুলিতে দিনটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
শনিবার সকালে হাওড়ার শিবপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কার্ল মার্ক্সের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান এসইউসিআই (সি)-র সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলায় দলের স্থানীয় কার্যালয়গুলিতেও এদিন মার্ক্সের প্রতিকৃতিতে মাল্যদান ও রক্ত পতাকা উত্তোলন করা হয়। দলের কর্মী ও সমর্থকেরা এদিন মার্ক্সের ছবি সম্বলিত ব্যাজ পরিধান করে কর্মসূচিতে অংশ নেন।
দলীয় সূত্রে খবর, মার্ক্সীয় দর্শন চর্চার অঙ্গ হিসেবে বিভিন্ন স্থানে তাঁর বিখ্যাত গ্রন্থ ‘ওয়েজ, লেবার আ্যন্ড ক্যাপিটাল’ -এর একক ও যৌথ পাঠের আয়োজন করা হয়েছিল। এর পাশাপাশি মার্ক্সের জীবন ও দর্শন নিয়ে রচিত দলের বিভিন্ন পুস্তিকাও এদিন সাধারণ মানুষের মধ্যে বিলি ও বিক্রি করা হয়।
এদিন দলীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে সংগ্রামে মার্ক্সের চিন্তা ও দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক। সেই আদর্শকে পাথেয় করেই শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আন্দোলনকে আগামী দিনে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে এদিনের কর্মসূচি থেকে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত