
ইমফল, ১৪ মাৰ্চ (হি.স.) : মণিপুরের ননে জেলায় এক ভয়াবহ বিস্ফোরণে চার বছরের কালাইঙ্গাম্পৌ পামেই নামের এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার বাবা জনৈক জৈখাংজেইপৌ পামেইয়ের বছর ৪০-এর ছেলে থুয়ানকুঙ্গাম পামেই গুরুতরভাবে ঘায়েল হয়েছেন।
রাজ্য পুলিশ সদর দফতরের আধিকারিক সূত্রে জানা গেছে, ঘটনাটি আজ শনিবার সকাল প্রায় ৮টা ৩০ মিনিট নাগাদ ননে জেলাধীন খউপুম থানার অন্তর্গত তাওলিংপুং গ্রামের নামকাওলং পার্ট-২ এলাকায় সংঘটিত হয়েছে।
সূত্রের খবর, শিশুটি বোমা সদৃশ একটি বল তার বাবার কাছে নিয়ে আসে। বাবা সেটিকে ছুঁড়ে ফেলতে গেলে পা পিছলে পড়ে যান। সে সময় বিস্ফোরিত হয়ে যায় বোমাটি। বোমাটি বিস্ফোরণের সময় কাছেই ছিল শিশুসন্তান কালাইঙ্গাম্পৌ।
আহত শিশুসন্তান এবং তার বাবা থুয়ানকুঙ্গাম পামেকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালের ডাক্তার শিশুসন্তান কালাইঙ্গাম্পৌকে মৃত বলে ঘোষণা করে উন্নত চিকিৎসার জন্য গুরুতরভাবে আহত বাবা থুয়ানকুঙ্গামকে ইমফলে অবস্থিত রাজ মেডিসিটি হাসপাতালে রেফার করেছেন। জানা গেছে, থুয়ানকুঙ্গামের দুই পা জখম হয়েছে।
বিস্ফোরকটি কোথা থেকে এসেছে তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য পুলিশের সদর দফতরের আধিকারিক সূত্রটি।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস