স্মার্ট সিটির কাজে আবার গ্যাস পাইপলাইন কাটা, কৃষ্ণনগরে আতঙ্ক
আগরতলা, ১৪ মার্চ (হি.স.) : আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের কাজ করতে গিয়ে আবারও পরিবাহী গ্যাসের পাইপলাইন কেটে ফেলার ঘটনা ঘটেছে। পাইপের কাটা অংশ দিয়ে গ্যাস নির্গমনের সঙ্গে সঙ্গে আগুনের কুণ্ডলী বের হতে শুরু করলে শহরের কৃষ্ণনগর সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাক
টিএনজিসিএলের গাড়ি


আগরতলা, ১৪ মার্চ (হি.স.) : আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের কাজ করতে গিয়ে আবারও পরিবাহী গ্যাসের পাইপলাইন কেটে ফেলার ঘটনা ঘটেছে। পাইপের কাটা অংশ দিয়ে গ্যাস নির্গমনের সঙ্গে সঙ্গে আগুনের কুণ্ডলী বের হতে শুরু করলে শহরের কৃষ্ণনগর সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড ( টিএনজিসিএল) -এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গ্যাস স্প্রে করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, শনিবার স্মার্ট সিটি প্রকল্পের কাজ চলাকালীন অসাবধানতাবশত কৃষ্ণনগর সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় গ্যাস পরিবাহী পাইপলাইন কেটে যায়। পাইপের কাটা অংশ দিয়ে প্রচুর পরিমাণে গ্যাস বের হতে থাকে এবং সেখান থেকেই আগুনের কুণ্ডলী দেখা দেয়। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে, ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

খবর পেয়ে টিএনজিসিএল-এর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্বন ডাই-অক্সাইড মিশ্রিত গ্যাস স্প্রে করে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে সংশ্লিষ্ট এলাকার সেফটি ভালভ চেম্বার বন্ধ করে গ্যাসের নির্গমন সম্পূর্ণরূপে বন্ধ করা হয়।

টিএনজিসিএল-এর এক কর্মী জানান, পাইপলাইনের কাটা অংশ দিয়ে অতিরিক্ত গ্যাস নির্গত হওয়ায় নিরাপত্তার স্বার্থে সেফটি ভালভ চেম্বার বন্ধ করা হয়েছে। এর ফলে এলাকাবাসীর কোনও ক্ষতির সম্ভাবনা নেই। তবে সেফটি ভালভ বন্ধ করে দেওয়ায় কৃষ্ণনগর এলাকায় কিছু সময়ের জন্য পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এদিকে পাইপের কাটা অংশ দিয়ে জোরে শব্দ করে গ্যাস বের হতে শুরু করলে ভয়ে স্মার্ট সিটি প্রকল্পের কর্মীরা ঘটনাস্থল থেকে সরে যান বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, চলতি সপ্তাহের বুধবার বিকেলেও স্মার্ট সিটি প্রকল্পের কাজ করতে গিয়ে রাজধানীর রাধানগর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গ্যাসের পাইপলাইন কেটে যাওয়ার ঘটনা ঘটেছিল। গ্যাস পরিবাহী পাইপলাইনের পথ চিহ্নিত থাকা সত্ত্বেও স্মার্ট সিটি কর্তৃপক্ষের অবহেলা ও খামখেয়ালিপনার কারণেই বারবার এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande