
মুর্শিদাবাদ, ১৪ মার্চ (হি. স.) : শনিবার সকালে রঘুনাথগঞ্জের মোড়গ্রাম সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক পিকআপ ভ্যান চালকের। মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়ক জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি পিকআপ ভ্যানের। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে পিকআপ ভ্যানটির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর জখম হন পিকআপ ভ্যান চালক। তাঁকে উদ্ধার করার চেষ্টা করেন স্থানীয় মানুষজন। ঘটনাস্থলেই মারা যান আহত চালক।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সাগরদিঘী থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি সরানোর কাজ শুরু করে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ১২ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই দেহের ময়নাতদন্ত হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত