
কলকাতা, ১৪ মার্চ (হি.স.): নন্দীগ্রামের রক্তক্ষয়ী ভূমি রক্ষা আন্দোলনের ১৯তম বর্ষপূর্তিতে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ‘নন্দীগ্রাম দিবস’ উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় তিনি তৎকালীন শাসক দল সিপিআইএম-এর তীব্র সমালোচনা করেন।
এদিন নিজের ফেসবুক পেজে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “ভুলতে পারি নিজের নাম, ভুলবো নাকো নন্দীগ্রাম।” তিনি আরও যোগ করেন, “সিপিআইএম-এর হার্মাদ বাহিনীর নির্মম অত্যাচারে নিহত শহিদদের স্মৃতির উদ্দেশ্যে জানাই বিনম্র শ্রদ্ধার্ঘ্য।” একইসঙ্গে তিনি নন্দীগ্রামে ঘটা সেই ঐতিহাসিক গণহত্যা ও গণধর্ষণের ঘটনার বিরুদ্ধে কড়া ভাষায় ধিক্কার জানান। পরে এক্স হ্যান্ডেলের মাধ্যমেও তিনি শহিদদের প্রতি তাঁর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
উল্লেখ্য, ২০০৭ সালের এই দিনে ইন্দোনেশীয় সালেম গ্রুপের রাসায়নিক হাব বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির লক্ষ্যে প্রায় ১০,০০০ একর জমি অধিগ্রহণের বিরুদ্ধে সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই আন্দোলন দমন করতে পুলিশ ও তৎকালীন শাসক দলের যৌথ বাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছিলেন ১৪ জন গ্রামবাসী। সেই স্মৃতি স্মরণে রেখেই প্রতি বছর ১৪ মার্চ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে তৃণমূল কংগ্রেস। লোকসভা ও বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অভিষেকের এই ‘হার্মাদ বাহিনী’ মন্তব্য এবং পুরনো স্মৃতি উসকে দেওয়া রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত