
কলকাতা, ১৪ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফের একবার উত্তপ্ত হয়ে উঠল কলকাতা পুরসভা চত্বর। শনিবার দুপুরে বর্ণাঢ্য মিছিল করে ব্রিগেডের পথে যাওয়ার সময় কলকাতা পুরসভার মূল গেটের সামনে দাঁড়িয়ে ‘চোর চোর’ স্লোগান দিলেন বিজেপি নেতা তথা কাউন্সিলর সজল ঘোষ।
এদিন সজল ঘোষের নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকদের একটি বড় মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ব্রিগেডের দিকে এগোচ্ছিল। মিছিলটি যখন কলকাতা পুরসভার প্রধান কার্যালয়ের সামনে পৌঁছায়, তখন পুরসভার গেটের দিকে আঙুল উঁচিয়ে সমবেতভাবে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন তিনি ও তাঁর অনুগামীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সজল ঘোষের অভিযোগ, কলকাতা পুরসভা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে এবং সাধারণ মানুষের টাকা নয়ছয় করা হচ্ছে। এই প্রতিবাদের মাধ্যমেই তিনি রাজ্য সরকার তথা পুর প্রশাসনের বিরুদ্ধে তাঁর ক্ষোভ উগরে দেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে সকাল থেকেই কলকাতার বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের স্বতঃস্ফূর্ত মিছিল দেখা যাচ্ছে। গিরিশ পার্কের সংঘর্ষের পর পুরসভা চত্বরে সজল ঘোষের এই স্লোগান ঘিরে রাজনৈতিক তরজা আরও বৃদ্ধি পেয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি