
জিন্দ, ১৪ মার্চ (হি.স.) : হরিয়ানার জিন্দে ডিভাইডারে ধাক্কা লেগে একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবার উচানার বরোদা গ্রামের কাছে তোহানা-জয়পুর সড়কে এই দুর্ঘটনায় বাসের ৪০-এর বেশি যাত্রী আহত হয়েছেন।
জানা গেছে, বাসটি উচানা থেকে জিন্দের দিকে যাচ্ছিল। বরোদা গ্রামের কাছে পৌঁছতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। এরপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লোডিং গাড়িতে গিয়ে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার জেরে লোডিং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং বাসটি রাস্তা থেকে প্রায় ২০ মিটার দূরে গিয়ে থামে। ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
আহতদের উচানা, নারওয়ানা ও জিন্দের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় বাসের চালক থুয়া গ্রামের সন্দীপ কুমার গুরুতর আহত হন।
বাসে থাকা এক মহিলা যাত্রী জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল এবং চালক ভিডিও কলে কথা বলছিলেন। অন্যদিকে লোডিং গাড়ির চালক জানান, তিনি রাস্তার পাশে গাড়ি থামিয়ে নেমেছিলেন, সেই সময় দ্রুতগতির বাসটি এসে গাড়িতে ধাক্কা দেয়।
এক পুলিশ আধিকারিক জানান, খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। অতিরিক্ত গতি এবং ডিভাইডারে ধাক্কা লাগার কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য