
নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতার মধ্যেও শনিবার ওই অঞ্চলে যাতায়াতের জন্য মোট ৮০টি নির্ধারিত ও অতিরিক্ত উড়ান পরিচালনা করবে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। টাটা গোষ্ঠীর অধীন এই দুই বিমান সংস্থা সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এক বিবৃতিতে জানিয়েছে, ১৪ মার্চ জেড্ডা ও মাস্কট-এর উদ্দেশে তাদের নির্ধারিত পরিষেবা চালু থাকবে। এই দুই গন্তব্যে মোট ১৮টি নির্ধারিত উড়ান পরিচালিত হবে।
বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র - ইজরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার জেরে পশ্চিম এশিয়ার আকাশপথে বিমান চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবুও যাত্রীদের সুবিধার্থে উড়ান পরিষেবা চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্ধারিত পরিষেবার পাশাপাশি সংস্থার তরফে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই) এবং সৌদি আরব থেকে যাতায়াতের জন্য মোট ৬২টি অতিরিক্ত বা অ-নির্ধারিত উড়ানও পরিচালনা করা হবে। তবে এসব উড়ান সংশ্লিষ্ট বিমানবন্দরে স্থানের উপলব্ধতা ও পরিস্থিতির উপর নির্ভর করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য