
চেন্নাই, ১৪ মার্চ (হি.স.) : বিগত এক সপ্তাহ ধরে তামিলনাড়ুতে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কারুরে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ভেলোরে ও সালেমে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস, মাদুরাইতে ৩৭ ডিগ্রি, তিরুচিরাপল্লী (ত্রিচি) ৩৬ ডিগ্রি, ইরোডে ৩৬.৮ ডিগ্রি, ধর্মপুরীতে ৩৬.৫ ডিগ্রি এবং তিরুপাত্তুরে ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
চেন্নাইয়ে সর্বোচ্চ তাপমাত্রা মীনাম্বক্কামে ৩৪.৩ ডিগ্রি এবং নুঙ্গাম্বক্কামে ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস নথিভুক্ত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন তাপমাত্রার এই প্রবণতা বজায় থাকতে পারে এবং কিছু জায়গায় তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
এদিকে লক্ষদ্বীপ এবং সংলগ্ন কন্যাকুমারী উপকূলবর্তী সমুদ্র অঞ্চলের উপর নিম্নস্তরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। একইভাবে মান্নার উপসাগর ও সংলগ্ন এলাকাতেও আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে ১৪ ও ১৫ মার্চ রামানাথপুরম এবং তুতিকোরিন (থুত্থুকুডি) জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া ১৬ মার্চও এই দুই জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে চেন্নাই আবহাওয়া দফতর। ১৭ মার্চ দক্ষিণ তামিলনাড়ু এবং উত্তর অভ্যন্তরীণ জেলার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তর উপকূলীয় তামিলনাড়ুর অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি।
চেন্নাই ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। এখানে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য