যুক্তরাষ্ট্র–দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার মাঝেই ১০টির বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার
সিউল/টোকিও, ১৪ মার্চ (হি.স.) : পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার মাঝেই ১০টির বেশি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। এই ঘটনাকে ঘিরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। দ
যুক্তরাষ্ট্র–দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার মাঝেই ১০টির বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার


সিউল/টোকিও, ১৪ মার্চ (হি.স.) : পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার মাঝেই ১০টির বেশি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। এই ঘটনাকে ঘিরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর দাবি, রাজধানী পিয়ংইয়াং-এর কাছে সুনান এলাকা থেকে স্থানীয় সময় দুপুর প্রায় ১টা ২০ মিনিট নাগাদ জাপান সাগরের দিকে ক্ষেপণাস্ত্রগুলি উৎক্ষেপণ করা হয়। জাপান কোস্ট গার্ড জানিয়েছে, এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র সম্ভবত জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে সমুদ্রে পড়েছে।

ঘটনার পর জাপান ও দক্ষিণ কোরিয়া নজরদারি বাড়িয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রকের মতে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে পরিস্থিতি পর্যালোচনায় জাপান সরকারের তরফে প্রধানমন্ত্রীর দফতরে জরুরি বৈঠক ডাকা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রক ও সংস্থার আধিকারিকরা সম্ভাব্য ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছেন।

দক্ষিণ কোরিয়ার যৌথ বাহিনীর প্রধানদের দফতর জানিয়েছে, সেনাবাহিনী অতিরিক্ত নজরদারি চালাচ্ছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে তথ্য আদান-প্রদান করছে। যে কোনও সম্ভাব্য নতুন উৎক্ষেপণের পরিস্থিতির জন্য তারা প্রস্তুত রয়েছে।

অন্যদিকে, এই সামরিক মহড়া নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া জানিয়েছে যে এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে করা হচ্ছে। তবে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের বোন কিম ইয়ো-জং এই মহড়ার তীব্র সমালোচনা করে বলেছেন, এমন পরিস্থিতিতে সামরিক অনুশীলন আঞ্চলিক স্থিতিশীলতাকে দুর্বল করছে।

উল্লেখযোগ্যভাবে, বিগত দুই দশক ধরে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচি চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এর জেরে ২০০৬ সাল থেকে দেশটির ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande