
আগরতলা, ১৪ মার্চ (হি.স.) : দুরারোগ্য ক্যান্সারের যন্ত্রণা সহ্য করতে না পেরে আগরতলায় অটল বিহারী বাজপেয়ি রিজিওনাল ক্যান্সার সেন্টারে আত্মহত্যা করলেন এক রোগী। মৃতের নাম রাকেশ দেববর্মা। তিনি মোহনপুর মহকুমার তমাকারি এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় দেড় বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন রাকেশ দেববর্মা। পেশায় কোঠারি রাকেশ দেববর্মাকে গত সোমবার চিকিৎসকদের পরামর্শে অটল বিহারী বাজপেয়ি রিজিওনাল ক্যান্সার সেন্টারে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি ঠিকমতো খাবার এমনকি জলও গ্রহণ করতে পারছিলেন না।
হাসপাতালে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ও পুত্র। শুক্রবার গভীর রাত পর্যন্ত তিনি ঘুমাতে পারেননি। রাত প্রায় দুইটার পর কিছুটা ঘুমিয়ে পড়েন। সেই সময় ক্লান্তির কারণে তাঁর স্ত্রী ও পুত্রও ঘুমিয়ে পড়েন।
কিছুক্ষণ পর ঘুম ভেঙে পুত্র দেখেন, তাঁর বাবা বিছানায় নেই। এরপর হাসপাতালের ওয়ার্ডের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একসময় বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। একাধিকবার ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে পাশের বাথরুমের জানালা দিয়ে উঁকি মেরে দেখেন, ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছেন তাঁর বাবা।
সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করলে অন্যান্য রোগীর পরিজন ও হাসপাতালের কর্মীরা ছুটে আসেন। খবর দেওয়া হয় জিবি পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বাথরুমের দরজা ভেঙে রাকেশ দেববর্মার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবিপি হাসপাতালের মর্গে পাঠায়। শনিবার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর জিবিপি হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ