সিংরৌলিতে আদানি পাওয়ার প্ল্যান্টে শ্রমিকের মৃত্যুকে ঘিরে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ
সিংরৌলি, ১৪ মার্চ (হি.স.) : মধ্যপ্রদেশের সিংরৌলি জেলায় আদানি পাওয়ার প্ল্যান্টে এক শ্রমিকের মৃত্যুকে ঘিরে শনিবার সকালে তীব্র উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ শ্রমিকেরা প্ল্যান্ট চত্বরে ভাঙচুর চালায় এবং একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনায় ব্যাপক ক্ষয়
সিংরৌলিতে আদানি পাওয়ার প্ল্যান্টে শ্রমিকের মৃত্যুকে ঘিরে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ


সিংরৌলি, ১৪ মার্চ (হি.স.) : মধ্যপ্রদেশের সিংরৌলি জেলায় আদানি পাওয়ার প্ল্যান্টে এক শ্রমিকের মৃত্যুকে ঘিরে শনিবার সকালে তীব্র উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ শ্রমিকেরা প্ল্যান্ট চত্বরে ভাঙচুর চালায় এবং একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

জানা গেছে, ঝাড়খণ্ডের গড়ওয়া জেলার বাসিন্দা লল্লান সিং দীর্ঘদিন ধরে ওই প্ল্যান্টে কাজ করছিলেন। শুক্রবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। শ্রমিকদের মধ্যে গুজব ছড়ায় যে তিনি উচ্চতা থেকে পড়ে মারা গেছেন এবং কর্তৃপক্ষ কিছু সময় দেহ গোপন রাখার চেষ্টা করেছে। তবে কোম্পানি ও জেলা প্রশাসনের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়ায়। উত্তেজিত শ্রমিকেরা কোম্পানির একাধিক গাড়ি ভাঙচুর করে, কয়েকটি উল্টে দেয় এবং আগুন লাগিয়ে দেয়। পুলিশের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় প্ল্যান্টের অনেক কর্মী নিরাপদ স্থানে আশ্রয় নেন। খবর পেয়ে প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এসডিএম, তহসিলদার ও অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে শতাধিক পুলিশকর্মী মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও প্ল্যান্ট চত্বরে উত্তেজনা বজায় রয়েছে।

শ্রমিকদের অভিযোগ, প্ল্যান্টে নিরাপত্তা বিধি মানা হয় না এবং প্রায়ই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে কোম্পানির সিকিউরিটি ইনচার্জ রাকেশ কুমার জানান, ভাঙচুর ও অগ্নিসংযোগে সংস্থার প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

সিংরৌলি জেলার শাসক গৌরব বেনাল জানান, শ্রমিকরা মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। প্রশাসন তাদের আশ্বস্ত করেছে যে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে এবং দোষী প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এর আগেও এই প্ল্যান্টকে ঘিরে একাধিকবার উত্তেজনা ও দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande