
সুরাট, ১৫ মার্চ (হি.স.) : প্রায় ১৫০০ কোটি টাকার সাইবার প্রতারণা চক্রের মূল অভিযুক্ত অল্পেশ ভাগাসিয়াকে সুরাট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশের সাইবার ক্রাইম সেল।
রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, শেয়ার ট্রেডিং ও কারেন্সি ট্রেডিংয়ের নামে কোটি কোটি টাকা প্রতারণা করে দুবাইয়ে বসে পুরো চক্রটি পরিচালনা করছিল অভিযুক্ত। এই ব্যক্তি প্রায় ১৫৩৬ কোটি টাকার লেনদেনের একটি সাইবার নেটওয়ার্ক গড়ে তুলেছিল।
উল্লেখ্য, মাত্র নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা অল্পেশের| দুবাইয়ের পরিস্থিতি খারাপ হওয়ায় অল্পেশ ভারতে ফিরতে চাইছিল। এছাড়া, ইংরেজি না জানার কারণে বিদেশে থাকতে তার সমস্যা হচ্ছিল বলেও জানা গেছে। সুরাট বিমানবন্দরে পৌঁছতেই তার নামে জারি থাকা লুক আউট নোটিসের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ।
তদন্তে জানা গেছে, প্রতারণা চক্রটি সুরাট এবং রাজকোটে দফতর খুলে আইভি ট্রেড এবং স্কাই গ্রোথ ওয়েলথ ম্যানেজমেন্ট নামে বহুমাত্রিক বিপণন প্রকল্প চালাত। বৈধ লাইসেন্স ছাড়াই বিনিয়োগকারীদের শেয়ার ও মুদ্রা ট্রেডিংয়ে বেশি লাভের লোভ দেখিয়ে টাকা নেওয়া হত। পরে সেই অর্থ অঙ্গদিয়া ও ভুয়ো সংস্থার ব্যাংকের অ্যাকাউন্ট এর মাধ্যমে দুবাই পাঠানো হত।
এ পর্যন্ত তদন্তে ৩৫ জন বিনিয়োগকারীর কাছ থেকে প্রায় ৪ কোটি ২৬ লক্ষ টাকা প্রতারণার তথ্য মিলেছে। তবে ক্ষতিগ্রস্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের।
এই মামলায় এর আগে দানিশ ওরফে হেমল ধনক, জয়সুখ পাটোলিয়া, যশ পাটোলিয়া এবং অজয় ওরফে গোপাল ভিন্ডিকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরাতেই অভিযুক্ত অল্পেশ ভাগাসিয়াকে দুবাই সংযোগ এবং অর্থের গতিপথ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ|
প্রসঙ্গত, অঙ্গদিয়া হলো ভারতে প্রচলিত এক ধরনের অপ্রাতিষ্ঠানিক অর্থ ও মূল্যবান জিনিসপত্র পরিবহণ ব্যবস্থা। এটি এক ধরনের হাওয়ালা জাতীয় ব্যবস্থা, যেখানে নগদ টাকা, গয়না, হীরের প্যাকেট বা মূল্যবান নথি এক শহর থেকে আরেক শহরে পৌঁছে দেওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য