


গুয়াহাটি, ১৫ মাৰ্চ (হি.স.) : দুদিনের অসম সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রবিবার দ্বিতীয় দিনের সফরে রাজ্যকে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বড় উপহার দিয়েছেন। গুয়াহাটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একাধিক স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন আজ।
নিৰ্ধারিত সূচি অমুযায়ী আজ সকালে গুয়াহাটির বিরুবাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে উদ্বোধন হয়ে গেল ৬৭৫ কোটি টাকা ব্যয়ে নবনিৰ্মিত অসমের চতুর্দশ এবং গুয়াহাটির তৃতীয় অপারেশনাল মেডিক্যাল কলেজ ‘প্ৰাগজ্যোতিষ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল’। এর সঙ্গে তিনি উদ্বোধন করেছেন গোলাঘাট এবং তিনসুকিয়া ক্যানসার কেন্দ্র। এছাড়া শিলান্যাস করেছেন তিন জেলা কারবি আংলঙের ডিফু, যোরহাট এবং বরপেটা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনটি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং অভয়াপুরীতে একটি জেলা হাসপাতালের।
উল্লেখ্য, ‘প্ৰাগজ্যোতিষ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল’টি ১৩.৭৬ একর জমিতে ৬৭৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। এখানে ৫০৫টি শয্যা এবং ১৫টি অপারেশন থিয়েটার সহ আধুনিক নানা সুবিধা রয়েছে। এর নির্মাণে দামানি ফাউন্ডেশন ১৫০ কোটি টাকা অনুদান দিয়েছে। এখানে প্রতি বছর ১০০ জন ছাত্রছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
অন্যদিকে তিনসুকিয়া ও গোলাঘাটে ক্যানসার কেয়ার হাসপাতাল দুটি অসম সরকার এবং টাটা ট্রাস্ট-এর যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস