
নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): জাতীয় সড়কের বার্ষিক ফাস্ট ট্যাগ পাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আগামী ১ এপ্রিল থেকে এই নতুন দাম কার্যকর হবে। রবিবার জাতীয় সড়ক কর্তৃপক্ষ যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে বলা হয়েছে, ব্যক্তিগত চার চাকার গাড়ির জন্য ৩ হাজার টাকার এই পাস নতুন আর্থিক বছর থেকে হবে ৩০৭৫ টাকা। দাম বাড়লেও বাকি সব নিয়ম অপরিবর্তিত থাকছে বলেই জানা গিয়েছে। ফলে এই পাসের মেয়াদ আগের মতোই থাকছে ১ বছর এবং ২০০ বার একটি গাড়ি টোল প্লাজা পেরোতে পারবে। এই পাস থাকলে সেই গাড়িকে আলাদা করে গোটা দেশের কোনও জাতীয় সড়কে টোল ট্যাক্স দিতে হয় না।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ