

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড। ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও পরিস্থিতির সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড।
রবিবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে বোর্ড জানিয়েছে, বাহরাইন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীতে অবস্থিত সংশ্লিষ্ট বোর্ডের বিদ্যালয়গুলির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১৬ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত নির্ধারিত সব পরীক্ষা বাতিল করা হয়েছে।
বোর্ডের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট বিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের মতামত নিয়ে পরিস্থিতি পর্যালোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান অবস্থায় সেখানে পরীক্ষা আয়োজন করা সম্ভব নয় বলেই মনে করা হয়েছে।
সিবিএসই আরও জানিয়েছে, ১ মার্চ, ৩ মার্চ, ৫ মার্চ, ৭ মার্চ এবং ৯ মার্চ ২০২৬ তারিখে জারি হওয়া পূর্ববর্তী বিজ্ঞপ্তিতে যে পরীক্ষাগুলি স্থগিত করা হয়েছিল, সেগুলিও এখন বাতিল হিসেবে গণ্য হবে। এই দেশগুলির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফল প্রকাশের পদ্ধতি ও সময়সূচি পরে আলাদা করে জানানো হবে বলে বোর্ড জানিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য