
দক্ষিণ ২৪ পরগনা, ১৬ মার্চ (হি.স.): অনেক দিন আগেই দল থেকে নিলম্বিত (সাসপেন্ড) হয়েছেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। এ বার পুরোপুরি দল ছাড়ার কথা ঘোষণা করলেন তিনি। সোমবার সকালে হুগলির ফুরফুরা শরিফের উদ্দেশে রওনা দেওয়ার আগে তিনি বলেন, সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকেছি। যে দলের জন্য এত কিছু করেছি, সেই দল আমাকে চিনতে পারল না। পাঁচবার কেস খেয়েছি। তিন বার দল থেকে নিলম্বিত (সাসপেন্ড) হয়েছি। তাই দুঃখে তৃণমূল ছাড়ছি। আরাবুল দলে অনেক দিনই কোণঠাসা ছিলেন বলে দাবি তাঁর অনুগামীদের। তিনি আইএসএফে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। তবে, এ নিয়ে আরাবুল কোনও মন্তব্য করেননি। আরাবুল জানান, আমি এখন ফুরফুরা শরিফে যাব। সেখানে আমার হুজুর আছেন, তাঁর সঙ্গে কথা বলব। এরপর কী সিদ্ধান্ত হবে তা জানাব। সময় হলে সবই পরিষ্কার হয়ে যাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ