ঝাড়গ্রামের চার আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, সামাজিক সমীকরণে জোর গেরুয়া শিবিরের
ঝাড়গ্রাম, ১৬ মার্চ (হি.স.) : বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই জঙ্গলমহলে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। এই আবহে সোমবার বিকেলে ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। নয়াদিল্লিতে দলের কেন্দ্রীয় কার্যালয়
ঝাড়গ্রামের চার আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, সামাজিক সমীকরণে জোর গেরুয়া শিবিরের


ঝাড়গ্রাম, ১৬ মার্চ (হি.স.) : বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই জঙ্গলমহলে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। এই আবহে সোমবার বিকেলে ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। নয়াদিল্লিতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই নামগুলি ঘোষণা করা হয়েছে।

বিজেপির ঘোষিত তালিকা অনুযায়ী, নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে শিক্ষক অমিয় কিস্কুকে। ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে লড়াই করবেন লক্ষ্মীকান্ত সাউ। বিনপুর কেন্দ্রে বিজেপির বাজি চিকিৎসক প্রণত টুডু এবং গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রে দলের মুখ রাজেশ মাহাতো।

রাজনৈতিক মহলের মতে, এবারের প্রার্থী বাছাইয়ে জঙ্গলমহলের সামাজিক সমীকরণকে বিশেষ গুরুত্ব দিয়েছে গেরুয়া শিবির। আদিবাসী ও কুড়মি সম্প্রদায়ের ভোটব্যাঙ্ককে মাথায় রেখেই এই রণকৌশল সাজানো হয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন চিকিৎসক প্রণত টুডু; এবার তাঁকে বিনপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হলো। অন্যদিকে, আদিবাসী কুড়মি সমাজের পরিচিত মুখ রাজেশ মাহাতো সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। বিশ্লেষকদের মতে, তাঁকে গোপীবল্লভপুরে প্রার্থী করে কুড়মি ভোট নিজেদের অনুকূলে আনার চেষ্টা করেছে বিজেপি।

সব মিলিয়ে, জঙ্গলমহলের চারটি গুরুত্বপূর্ণ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি বিরোধী পক্ষকে কড়া বার্তা দিতে চাইছে। এখন দেখার, শাসক দল তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকাগুলিতে বিজেপির এই নতুন মুখেরা রাজনৈতিক সমীকরণ কতটা বদলে দিতে পারেন।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande