
মগরাহাট, ১৬ মার্চ (হি.স.) : পবিত্র রমজান মাস ও আসন্ন ইদ-উল-ফিতরকে সামনে রেখে মগরাহাটের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াল মগরাহাট প্রেস ক্লাব। সোমবার মগরাহাটের সন্তোষপুরে প্রেস ক্লাবের উদ্যোগে এবং গ্লোব আই টিভির সম্পাদক ওয়ারিস লস্করের ব্যবস্থাপনায় একটি মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।মগরাহাটের সন্তোষপুরে ‘অনুভূতি সেবাকেন্দ্র গোপাল কর্মকার স্মৃতি’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় প্রায় ২৫০ জন দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র, ইফতার সামগ্রী এবং ঈদের উপহার তুলে দেওয়া হয়েছে। উদ্যোক্তাদের দাবি, প্রতি বছরের মতো এবারও এলাকার অসহায় ও নিম্ন আয়ের পরিবারগুলির সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। তাঁদের কথায়, “রমজান হলো সংযম ও সহমর্মিতার মাস। এই সময়ে সামান্য সহযোগিতা অনেক দুস্থ পরিবারকে ঈদের আনন্দ উপভোগ করতে সাহায্য করে।”অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও স্বেচ্ছাসেবীরা জানান, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এই ধরনের কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। তাঁদের মতে, আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির পাশে দাঁড়াতে সমাজের অন্যান্য সংগঠনগুলিরও এগিয়ে আসা অত্যন্ত জরুরি। স্থানীয়দের একাংশ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, ঈদের আগে এই ধরনের সহায়তা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত