
বাজারিছড়া (অসম), ১৬ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমি জেলান্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার বাজারিছড়া থানাধীন সলগই বাজারে লরির চাকায় পিষ্ট হয়ে জনৈক স্কুটি-আরোহীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিকে কটামণি এলাকার উত্তর মাগুরা গ্রামের ৩২ বছর বয়সি জনৈক ভূবন দাস বলে শনাক্ত করা হয়েছে। পেশায় তিনি একজন দিনমজুর। নিহত ভূবনের মা, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
জানা গেছে, আজ সোমবার বিকাল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। এএস ১০ এইচ ৬৯৬৬ নম্বরের স্কুটিতে চড়ে ভূবন দাস পাথারকান্দি থেকে লোয়াইরপোয়ার দিকে আসছিলেন। সলগই বাজার এলাকায় আসার পর তাঁকে পেছন থেকে ত্রিপুরাগামী একটি লরি ধাক্কা দেয়। প্রচণ্ড ধাক্কায় স্কুটিটি জাতীয় সড়কের সেতুর পাশে ছিটকে পড়ে। অন্যদিকে স্কুটি আরোহী ভূবন দাস পড়ে যান লরির সামনের চাকার নীচে। এতে লরিটি তাঁকে সড়কে প্রায় একশো মিটার পিষে নিয়ে যায়।
স্কুটি আরোহী ভূবনের মাথা, ঘাড়, পীঠ, দুটি হাত থেঁতলে পিণ্ড হয়ে গেছে। দুর্ঘটনার পর ঘাতক লরিটি পালিয়ে গেছে। ইত্যবসরে দুর্ঘটনার খবর পেয়ে বাজারিছড়া থানার ওসি মানবজ্যোতি দেউরি দলবল নিয়ে অকুস্থলে গিয়ে ব্যক্তিটির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শ্রীভূমি সিভিল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। মৃতদেহের সঙ্গে একটি ব্যাগে কিছু আলু ও পেঁয়াজ পাওয়া গেছে। একমাত্র উপার্জনকারী ব্যক্তির অকালমৃত্যুতে গোটা পরিবার নিঃস্ব হয়ে গেছে। দু্র্ঘটনাগ্রস্ত স্কুটিটি নিজেদের জিম্মায় নিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, পলাতক ঘাতক লরিকে ধরতে সংলগ্ন থানা ও পুলিশ ফাঁড়িকে বাৰ্তা পাঠানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস