
কলকাতা, ১৬ মার্চ (হি. স.) : সাধারণ মানুষের সুস্থ জীবন সুনিশ্চিত করার লক্ষ্যে কলকাতার পঞ্চসায়র এলাকায় অনুষ্ঠিত হলো একটি বিশাল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। ‘আয়কর সংহতি ট্রাস্ট’ ও ‘উৎকর্ষে আরোহণ’-এর যৌথ উদ্যোগে এবং সন্তোষপুরের আরোগ্য সদনের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়।এদিন শিবিরে এলাকার বহু মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। সাধারণ চিকিৎসার পাশাপাশি শিশু রোগ, অস্থি রোগ, স্নায়ু রোগ, চর্মরোগ, নাক-কান-গলা (ইএনটি), হৃদরোগ ও চক্ষুরোগের মতো বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীদের জন্য প্রয়োজনীয় কিছু প্যাথলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছিল। পরীক্ষার পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়কর সংহতি ট্রাস্টের সভাপতি দেবনাথ মুখোপাধ্যায়, আয়কর দফতরের কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন) এ. কে. সিং, উৎকর্ষে আরোহণের প্রতিনিধি অনুপম মজুমদার এবং আয়কর দফতরের ডেপুটি কমিশনার আশুতোষ সাউ।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের সাধারণ মানুষের কাছে সহজে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে আর্থিক প্রতিকূলতার কারণে যাঁরা নিয়মিত চিকিৎসকের কাছে যেতে বা স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না, তাঁদের জন্য এই ধরনের শিবির অত্যন্ত সহায়ক। আগামী দিনেও এ ধরনের জনকল্যাণমূলক সামাজিক কর্মসূচি চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন আয়োজকেরা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত