
হাওড়া, ১৬ মার্চ (হি.স.) : ঝোড়ো বৃষ্টির মধ্যে হাওড়ার লিলুয়া এলাকায় একটি গেঞ্জি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার রাত প্রায় ৮টা ৫৫ মিনিট নাগাদ লিলুয়ার জগদীশপুর ফাঁড়ির অন্তর্গত মধ্য খালিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে গেঞ্জি কারখানাটিতে আগুন লাগে, তার পাশেই একটি টোটো তৈরির কারখানা এবং ঠিক তার সঙ্গেই একটি গ্যাসের গুদাম রয়েছে। দাহ্য বস্তু ঠাসা এলাকায় আগুন লাগার খবর চাউর হতেই বড়সড় বিস্ফোরণ বা দুর্ঘটনার আশঙ্কায় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। সে সময় এলাকায় কালবৈশাখীর দাপট চলায় আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ার ভয় তৈরি হয়েছিল।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জগদীশপুর ফাঁড়ির পুলিশ। খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল কর্মীদের তৎপরতা এবং বৃষ্টির কারণে আগুন খুব বেশিদূর ছড়িয়ে পড়তে পারেনি। অল্প সময়ের চেষ্টাতেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।প্রাথমিকভাবে দমকলের অনুমান, ঝোড়ো হাওয়ার কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল কর্তৃপক্ষ। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত