দশ দফা দাবিতে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক কর্মীদের একদিনের ধর্মঘট
আগরতলা, ১৬ মার্চ (হি.স.) : দশ দফা দাবির ভিত্তিতে সোমবার একদিনের প্রতীকী ধর্মঘট পালন করলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক–এর কর্মী ও আধিকারিকরা। ধর্মঘটের জেরে ব্যাঙ্কের প্রধান কার্যালয়সহ রাজ্যের সমস্ত শাখা ও আঞ্চলিক কার্যালয়ে এদিন কার্যত কাজকর্ম বন্ধ থা
গ্রামীণ ব্যাঙ্কের কর্মীদের ধর্মঘট


আগরতলা, ১৬ মার্চ (হি.স.) : দশ দফা দাবির ভিত্তিতে সোমবার একদিনের প্রতীকী ধর্মঘট পালন করলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক–এর কর্মী ও আধিকারিকরা। ধর্মঘটের জেরে ব্যাঙ্কের প্রধান কার্যালয়সহ রাজ্যের সমস্ত শাখা ও আঞ্চলিক কার্যালয়ে এদিন কার্যত কাজকর্ম বন্ধ থাকে। এর ফলে প্রায় অর্ধ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রিজিওনাল রুরাল ব্যাঙ্কিং এমপ্লইজ অ্যাসোসিয়েশনের জয়েন্ট ডেভেলপমেন্ট ফোরামের ডাকে এই ধর্মঘট পালিত হয়। কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই এই প্রতীকী ধর্মঘটের পথে হাঁটতে হয়েছে।

ধর্মঘটকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে—কর্মচারীদের জন্য সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং দ্বাদশ দ্বিপাক্ষিক বেতন চুক্তির সমস্ত সুবিধা কার্যকর করা।

ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু ধর জানান, একদিনের বেতন কাটার হুমকিকে উপেক্ষা করেই ব্যাঙ্কের কর্মীরা ধর্মঘটে সামিল হয়েছেন। তিনি বলেন, “সমস্যা সমাধানের জন্য শ্রম দফতর দুইবার বৈঠক ডেকেছিল। ২৭ ফেব্রুয়ারির বৈঠকে কর্মচারী সংগঠন ও ব্যাঙ্ক ম্যানেজমেন্টের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। পরে ৬ মার্চ আবার বৈঠক হলেও সেখানে ম্যানেজমেন্টের কেউ উপস্থিত না থাকায় সেটিও ভেস্তে যায়।”

এই পরিস্থিতিতে আন্দোলন ছাড়া আর কোনও পথ খোলা ছিল না বলেও দাবি করেন তিনি। তবে ধর্মঘটকে কেন্দ্র করে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande