
হুগলি, ১৬ মার্চ (হি.স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সোমবার সকাল থেকে ব্যান্ডেল রেল স্টেশনে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হলো। এই অভিযানে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)-এর জওয়ানরা শামিল ছিলেন।
আধিকারিকদের মতে, নির্বাচনের আগে যেকোনো ধরনের নাশকতা বা অবৈধ কার্যকলাপ রুখতে স্টেশন চত্বর এবং ট্রেনে যাত্রীদের মালপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে। প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীদের ব্যাগের পাশাপাশি পুলিশকর্মীরা ট্রেনের ভেতরে ঢুকেও হ্যান্ড মেটাল ডিটেক্টরের সাহায্যে তল্লাশি চালাচ্ছেন।
সন্দেহভাজন যাত্রীদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি বড় সুটকেস থেকে শুরু করে বস্তা ও অন্যান্য ব্যাগ মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে, যাতে অবৈধ অস্ত্র বা নগদ টাকা পাচার রোধ করা যায়। সাধারণ যাত্রীদের মতে, নিরাপত্তার স্বার্থে এই ধরনের তল্লাশি শুধুমাত্র নির্বাচনের সময় নয়, বরং সারা বছর নিয়মিতভাবে করা উচিত।
ব্যান্ডেল জিআরপি-র ওসি তুজম্মল হক জানিয়েছেন, নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই সতর্কতা বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের দুর্ঘটনা বা নাশকতা রুখতে স্টেশন ও ট্রেনে লাগাতার নজরদারি চালানো হচ্ছে। তিনি আরও জানান, যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি অবৈধ অস্ত্র বা নগদ অর্থ পাচার রুখতে এখন থেকে প্রতিদিন নিয়মিতভাবে এই তল্লাশি অভিযান জারি থাকবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি