
কলকাতা, ১৭ মার্চ (হি.স.): এবার বিধানসভা ভোটের আগে ফের নীতিবদল সিপিআই (এমএল) লিবারেশনের। এতদিন বিজেপিকেই একমাত্র রাজনৈতিক ‘শত্রু’ বলে চিহ্নিত করা দল এবার তৃণমূল-বিজেপিকে এক সারিতে বসিয়ে ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত নিল।
সোমবার লিবারেশনের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ছেন, ছাব্বিশের ভোটে তাঁরা ১০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বৃহত্তর বাম ঐক্য পুনর্গঠনের লক্ষ্যে সিপিএমের সঙ্গে আলোচনা সেরেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। প্রার্থী ঘোষণা করা হবে পরে।
সোমবার বিজ্ঞপ্তিতে রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার জানিয়েছেন, বিজেপি-আরএসএসের বাংলা দখলের লক্ষ্যে পরিচালিত ফ্যাসিবাদী আগ্রাসন ও তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে বামপন্থার পুনর্জাগরণ ঘটাতে বঙ্গভোটে লড়াই করবেন তাঁরা। বামফ্রন্ট চেয়ারম্যান ও সিপিএম শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে ১০ আসনে লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজনৈতিক মহলের একাংশ এপ্রসঙ্গে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন। রাজনৈতিক মহলের মত, রাজ্যভিত্তিতে রণকৌশল বদলের পক্ষে লিবারেশন। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলায় তৃণমূল এবং বিজেপিকে একইরকম বিপজ্জনক রাজনৈতিক দল বলে মনে করছে দীপঙ্কর ভট্টাচার্যের দল।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত