শ্রীভূমি জেলার চারটি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী বিজ্ঞপ্তি জারি
শ্রীভূমি (অসম), ১৬ মাৰ্চ (হি.স.) : বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে শ্রীভূমি জেলার চারটি বিধানসভা আসনের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে। ১২৩ নম্বর উত্তর করিমগঞ্জ বিধানসভা, ১২৪ নম্বর দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা, ১২৫ নম্বর পাথারকান্দি বিধানসভা এবং ১২৬ নম্
শ্রীভূমি জেলার চারটি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী বিজ্ঞপ্তি জারি


শ্রীভূমি (অসম), ১৬ মাৰ্চ (হি.স.) : বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে শ্রীভূমি জেলার চারটি বিধানসভা আসনের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে। ১২৩ নম্বর উত্তর করিমগঞ্জ বিধানসভা, ১২৪ নম্বর দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা, ১২৫ নম্বর পাথারকান্দি বিধানসভা এবং ১২৬ নম্বর রামকৃষ্ণনগর (তফশিলি জাতি সংরক্ষিত) বিধানসভা কেন্দ্রের সদস্য নির্বাচনের জন্য ১৬ মার্চ সোমবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

ওই চারটি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসাররা পৃথকভাবে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তি অনুসারে সরকারি ছুটির দিন ছাড়া আগামী ২৩ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৩-টা পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী অথবা তাঁর প্রস্তাবক সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।

বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, ১২৩ নম্বর উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের মনোনয়নপত্র জেলাশাসক কার্যালয়ের নীচতলায় ২ নম্বর কক্ষে রিটার্নিং অফিসার লালরোলু খিনগতের কাছে জমা দিতে হবে। ১২৪ নম্বর দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের মনোনয়নপত্র জেলাশাসকের কার্যালয়ের দ্বিতলে ২০১ নম্বর কক্ষে রিটার্নিং অফিসার জয়ন্ত বরার কাছে জমা দিতে হবে। ১২৫ নম্বর পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের মনোনয়নপত্র জেলাশাসকের কার্যালয়ের নীচতলায় ১৩ নম্বর কক্ষে রিটার্নিং অফিসার সপ্ততী এন্দোর কাছে জমা দিতে হবে এবং ১২৬ নম্বর রামকৃষ্ণনগর (তফশিলি জাতি সংরক্ষিত) বিধানসভা কেন্দ্রের মনোনয়নপত্র জেলাশাসকের কার্যালয়ের নীচতলায় ৪ নম্বর কক্ষে রিটার্নিং অফিসার নীলোৎপল পাঠকের কাছে জমা দিতে হবে।

মনোনয়নপত্রের ফর্ম ওই একই স্থানে পাওয়া যাবে। জমাকৃত মনোনয়নপত্রগুলি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কক্ষে ২৪ মার্চ মঙ্গলবার সকাল ১১টা থেকে পরীক্ষা করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য প্রার্থী বা তাঁর প্রস্তাবক অথবা তাঁর ইলেকশন এজেন্ট আগামী ২৬ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩-টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কক্ষে প্রার্থিত্ব প্রত্যাহারের নোটিশ দাখিল করতে পারবেন। আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৭-টা থেকে বিকাল ৫-টা পর্য়ন্ত ভোটগ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande