
আগরতলা, ১৬ মার্চ (হি.স.) : অবিলম্বে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা সম্পন্ন করে ফায়ারম্যান ও ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবিতে অগ্নি নির্বাপক দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করলেন পরীক্ষার্থীরা।
সোমবার আগরতলায় অগ্নি নির্বাপক দপ্তরের দফতরে এসে সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা এই ডেপুটেশন প্রদান করেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকার ফলে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন চাকরিপ্রার্থীরা।
পরীক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, ২০২২ সালে তারা শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ২০২৫ সালে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু সেই লিখিত পরীক্ষা পরে বাতিল করে দেওয়া হয়। পরবর্তীতে ২০২৫ সালের ডিসেম্বর মাসে পুনরায় দ্বিতীয়বারের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয়। তবে দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি।
তাঁদের আরও অভিযোগ, দপ্তরের অধীনে ৩০৪টি ফায়ারম্যান এবং ২৫টি ড্রাইভার পদের জন্য নিয়োগের প্রক্রিয়া শুরু হলেও এখনও পর্যন্ত মৌখিক পরীক্ষা নেওয়া হয়নি। ফলে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে আটকে রয়েছে।
এই পরিস্থিতিতে দ্রুত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান পরীক্ষার্থীরা। পাশাপাশি বিষয়টিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ