
শ্রীরামপুর, ১৭ মার্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সাধারণ মানুষের মনে নিরাপত্তার বোধ জাগিয়ে তুলতে এবং আত্মবিশ্বাস বাড়াতে হুগলি জেলার শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে ‘কনফিডেন্স বিল্ডিং মেজার’ (সিবিএম) বা রুট মার্চ অনুষ্ঠিত হলো। মঙ্গলবার কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর জওয়ানরা স্থানীয় পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকায় টহল দেন।
এদিনের এই রুট মার্চে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিপিসি), শ্রীরামপুরের মহকুমা শাসক (এসডিও) এবং অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ার শুরুতে সাধারণ নাগরিকদের মধ্যে ভয়মুক্ত পরিবেশ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সিভিল প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর এই যৌথ উপস্থিতি এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কড়া বার্তা দিয়েছে।
রুট মার্চ চলাকালীন শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্পর্শকাতর এলাকাগুলি পরিদর্শন করা হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের কোনো উদ্বেগ বা সমস্যা রয়েছে কি না, তা জানার চেষ্টা করেন। একই সঙ্গে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
প্রশাসনিক আধিকারিকদের মতে, ভোটের আগে এই ধরনের তৎপরতা শান্তি বজায় রাখতে এবং দুষ্কৃতী কার্যকলাপ রুখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগামী দিনেও জেলার বিভিন্ন অংশে এই ধরনের রুট মার্চ জারি থাকবে বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি