
আগরতলা, ১৭ মার্চ (হি.স.) : মহিলা ক্ষমতায়নের লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগের ধারাবাহিকতায় এবার ১২০ জন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দিল ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন। মঙ্গলবার রাজধানী আগরতলায় সুকান্ত একাডেমির প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশা অনুসরণ করে রাজ্য সরকার মহিলাদের স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। সেই প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যেতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, এই প্রকল্পের আওতায় গোমতী জেলার ৫০ জন, গোলাঘাটি এলাকার ৩০ জন এবং পশ্চিম জেলার বিভিন্ন প্রান্তের ৪০ জন মহিলা সেলাই মেশিন পেয়েছেন। এই উদ্যোগ বাস্তবায়নে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট কর্তৃপক্ষ।
ঝর্ণা দেববর্মা বলেন, “মহিলারা যখন আত্মনির্ভরশীল হয়ে উঠবেন, তখনই সমাজ প্রকৃত অর্থে উন্নত হবে। আর সমাজের উন্নয়নই রাজ্য ও দেশের সামগ্রিক অগ্রগতির পথ প্রশস্ত করবে।”
এদিন সেলাই মেশিন পেয়ে উপকৃত মহিলারা জানান, এই উদ্যোগ তাঁদের আত্মনির্ভরশীল হওয়ার পথে বড় সহায়ক হবে এবং জীবিকা নির্বাহের নতুন সুযোগ সৃষ্টি করবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ