
ইমরান মাসুদ কে? জানতে ঘাটতে হবে গুগল, কংগ্রেসকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
নয়াদিল্লি, ১৮ মাৰ্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে অসমে শাসক ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগদানের ঢেউ আরও বাড়বে, আগামী কয়েক দিনের মধ্যে একাধিক নেতা বিজেপিতে যোগদান করবেন, নির্বাচনের পর আসবেন দেবব্রত শইকিয়া এবং রিপুন বরা, দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
বিজেপিতে যোগদানকারী সাংসদ প্রদ্যুৎ বরদলৈ, কেন্দ্ৰীয় মন্ত্ৰী পবিত্ৰ মাৰ্ঘেরিটা, প্রদান বরুয়া, বিজেপির অসম প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়াদের পাশে নিয়ে আজ বুধবার এখানে (নয়াদিল্লি) সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। ড. শর্মা জানান, কংগ্রেস থেকে পদত্যাগকারী নবজ্যোতি তালুকদারের মতো ব্যক্তিরা শীঘ্রই গুয়াহাটিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন। তিনি আরও বলেন, দলের (বিজেপি) প্রার্থী তালিকা প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। আজ সন্ধ্যার মধ্যেই আমরা আমাদের দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করব।
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে দলের দ্রুত অগ্রগতির কথা তুলে ধরে বলেন, রাজনৈতিক পুনর্বিন্যাসের এই প্রক্রিয়া আজ একদিনেই সীমাবদ্ধ নয়, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে অসমের বিভিন্ন প্রান্তে আরও নেতা বিজেপিতে যোগ দেবেন।
কংগ্রেস নেতা ইমরান মাসুদের মতো নির্দিষ্ট ব্যক্তিদের প্রসঙ্গে প্রশ্ন করা হলে ড. শর্মা বিস্তারিত মন্তব্য না করে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কাউকে নিয়ে মন্তব্য করতে চাই না। কারণ ইমরান মাসুদ কে, সেটা জানতে আমার গুগল ঘেঁটে দেখতে হবে, এতে সময় লাগবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস