
ঝাড়গ্রাম, ১৮ মার্চ (হি.স.):
ঝাড়গ্রাম ব্লকের একটি প্রাথমিক বিদ্যালয়ে পাম্প বিকল হয়ে পড়ায় পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। এর জেরে ব্যাহত হচ্ছে মিড-ডে মিলের রান্না এবং সমস্যায় পড়েছে পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা।
ঝাড়গ্রাম পশ্চিম চক্রের অধীন রাধানগর অঞ্চলের অর্জুনডহর প্রাথমিক বিদ্যালয়ে চলতি মাসের ৫ তারিখ থেকে পাম্পটি বিকল হয়ে রয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, বিষয়টি সংশ্লিষ্ট দফতরে জানানো হলেও এখনও পর্যন্ত মেরামতির কাজ শুরু হয়নি।
বুধবার বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, পানীয় জল না থাকায় মিড-ডে মিলের রান্নার জন্য প্রায় এক কিলোমিটার দূর থেকে জল এনে কাজ চালাতে হচ্ছে। বাথরুমে জল না থাকায় শৌচালয় ব্যবহারে সমস্যার সৃষ্টি হয়েছে এবং তা বন্ধ রাখতে হয়েছে।
বর্তমানে বিদ্যালয়ে প্রায় ২০ জন পড়ুয়া ও দুই জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। বিদ্যালয়ের শিক্ষক অনির্বাণ সেনাপতি জানান, দ্রুত পাম্প মেরামতের প্রয়োজন রয়েছে, বিশেষ করে এই বিদ্যালয়টি আসন্ন নির্বাচনে বুথ হিসেবেও ব্যবহৃত হবে।
এদিকে, দীর্ঘদিন ধরে সমস্যা চলতে থাকায় অভিভাবকদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। দ্রুত সমস্যা সমাধানের দাবি উঠেছে স্থানীয় বাসিন্দাদের তরফে।
এই বিষয়ে ঝাড়গ্রামের বিডিও অর্ণব দাস জানিয়েছেন, পাম্পটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো